বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ
ঢাকা প্রতিনিধি : তিন দফা দাবিতে ভারতীয় শ্রমিকদের ট্রাক ধর্মঘটে বাংলাদেশের লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। স্থলবন্দরটির আমদানি-রফতানিকারক সমিতির সভাপতি ও পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বাবুল মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।
বুড়িমারী কাস্টমস সূত্র জানায়, ভারতীয় ট্রাক মালিক শ্রমিক সংগঠন তিন দফা দাবিতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ৭২ ঘণ্টা ট্রাক ধর্মঘটের ডাক দিয়েছে। সোমবার শুরু হওয়া ভারতীদের এ ট্রাক ধর্মঘট চলবে বুধবার পর্যন্ত। ভারতীয় ব্যবসায়ীদের দেওয়া পত্র অনুযায়ী বুড়িমারী বন্দরের ব্যবসায়ীরাও আমদানি-রফতানি বন্ধ রেখেছেন।
বৃহস্পতিবার পুনরায় পণ্য আমদানি-রফতানি চালু করা হবে। বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, ‘বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশনের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।’

Post a Comment